
আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য ও বিভিন্ন অভিযোগ জানাতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে দেশ-বিদেশ থেকে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৮ হাজার ৫৪টি কল এসেছে। শুধু অক্টোবর মাসেই কল এসেছে ৭২৬টি। এ সময়ে বিভিন্ন অনিয়ম ও সেবায় বিলম্বের বিষয়ে করা ১২টি অভিযোগের মধ্যে সাতটি নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি পাঁচটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হেল্পলাইনে মোট ৮ হাজার ৫৪টি কল এসেছে। এসব কলের মাধ্যমে সেবাগ্রহীতারা আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য এবং অভিযোগ দাখিলের বিষয়ে যোগাযোগ করেছেন।
গত অক্টোবর মাসে হেল্পলাইনে মোট ৭২৬টি কল আসে। এর মধ্যে ১৪৪টি কল ছিল আইনি পরামর্শের জন্য এবং ১৫৪টি ছিল মামলা সংক্রান্ত তথ্য জানার বিষয়ে। এসব কলের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অক্টোবর মাসে প্রধান বিচারপতির কাছে ৩১টি কল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় হেল্পলাইন থেকে এ বিষয়ে কোনো পরামর্শ দেওয়া হয়নি।
হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা নিতে কল করেও কোনো প্রত্যুত্তর পাননি—এমন কলের সংখ্যা ছিল ৩৮৫টি।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণ নিয়ে ১২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের অনুলিপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং দ্রুত মামলা নিষ্পত্তি সংক্রান্ত সাতটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি পাঁচটি অভিযোগের বিষয়ে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়।
বর্তমানে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ‘০১৩১৬-১৫৪২১৬’ ও ‘০১৭৯৫-৩৭৩৬৮০’ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা পাওয়া যাচ্ছে। এ ছাড়া ‘১০৩’ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।