প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বিচ্ছিন্ন হতে পারে দুই গ্রামের সড়ক যোগাযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ করা না হলে দুই গ্রামের হাজারো মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের শিদলি থেকে ক্লাবমোড় ও চড়োল পাড়াগামী সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কালভার্টটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদের নিচের আস্তর খসে রড বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও আস্তর উঠে যাওয়ায় ছাদের নিচের মাটিও দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালভার্টটি শিদলি ও ক্লাবমোড়ের মাঝামাঝি সড়কে অবস্থিত। বর্তমানে এর অবস্থা এতটাই নাজুক যে ট্রলিসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভ্যান ও ছোট যানবাহন চলাচল করলেও প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার হতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের শত শত শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কৃষিপণ্য উপজেলা সদরের বাজারে নেওয়ার ক্ষেত্রে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চলতি মৌসুমে আমন ধান কাটার পর বাড়িতে নিয়ে যেতেও অনেক কৃষককে সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে তাঁদের বিকল্প পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
তাঁদের আশঙ্কা, দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে ভারী যানবাহন চলাচল কিংবা বর্ষা মৌসুমে এটি পুরোপুরি ভেঙে পড়তে পারে। এতে দুই গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীরসহ অনেকে বলেন, শিদলি হয়ে ক্লাবমোড় ও চড়োল পাড়া দিয়ে রাউতনগর বাজারে যাওয়ার জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। শিদলি ও ক্লাবমোড়ের মাঝামাঝি কালভার্টটির ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আগেই দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কালভার্টটির সমস্যার সমাধান করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্