
দেশের সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সক্ষমতা বৃদ্ধি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমবায় সমিতিগুলোর দুর্নীতির কারণে অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত ও সফল করতে হলে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বাড়াতে হবে।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে এবং কার্যক্রমও দুর্বল হয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে। অথচ দেশের সমবায় আন্দোলনের রয়েছে দীর্ঘ ইতিহাস। এই আন্দোলনকে এগিয়ে নিতে হলে প্রথমেই সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।
সমবায় আন্দোলনের ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯০৪ সালে এ আন্দোলনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে তা অব্যাহত ছিল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর নেওয়া উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে সম্পৃক্ত করার পদক্ষেপও গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, ষাটের দশকে বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। তাঁকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন। এর ফলে এ আন্দোলন এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।
সমবায় খাতের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান ও বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বর্তমান সরকারের নেতৃত্বে এ খাত আরও দ্রুত গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অতীতের সফল সমবায় কার্যক্রমের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে সমবায়ের সেই অবস্থান এখন আর নেই। ধীরে ধীরে এ আন্দোলন পিছিয়ে পড়েছে। আগের মতো সমবায় আন্দোলনের প্রতি গুরুত্ব ও মনোযোগও দেখা যাচ্ছে না।
সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণের উপযোগী করে বিদ্যমান আইন সংশোধন এবং যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার মতো সক্ষমতা সমবায় সমিতিগুলোর মধ্যে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে এনজিও কার্যক্রম অত্যন্ত সফলভাবে বিস্তৃত হয়েছে। এর প্রভাবেও সমবায় আন্দোলন পিছিয়ে পড়েছে। ফলে সমবায় প্রতিষ্ঠানগুলোকে এখন এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে সমিতিগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করলেও সেগুলোর বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। প্রয়োজনে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন করা যেতে পারে, যারা সমিতিগুলোর উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, দেশে এ ধরনের উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করা জরুরি।
সমবায়ের মূল দর্শন হচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য যেসব চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে, সেগুলো মোকাবিলা করে সম্মিলিতভাবে দেশের অগ্রগতিতে কাজ করতে হবে।
সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শনের সুযোগ হয়েছিল। সেখানে অত্যন্ত ভালো কাজ হচ্ছে। অনুষ্ঠানে কয়েকটি সফল সমবায়ের কার্যক্রম ও অগ্রগতি দেখেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
সমবায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁরা এখনো সমবায় আন্দোলনকে ধরে রেখেছেন। তবে শুধু ধরে রাখলেই হবে না, এ আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে। এজন্য সমবায় কার্যক্রমকে দেশের মানুষের সামনে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম।
স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।
সমবায় অধিদপ্তর আয়োজিত এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।
অনুষ্ঠানে সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।