
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রায়তন পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (ফেজ-২) আওতায় হবিগঞ্জের বড়ছড়া উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জাইকার অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রায়তন পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (ফেজ-২) আওতায় হবিগঞ্জ জেলায় ‘বড়ছড়া উপ-প্রকল্প (SP ID-34124)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।
বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, ক্ষুদ্রায়তন পানিসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা, ফসলের উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মওলা।
উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, জাইকার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
এলজিইডি জানিয়েছে, দেশের গ্রামীণ জনপদে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।