প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
ফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ৪০ শতাংশ জমিতে রোপণ করা আমন ধানে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। গত ৭ নভেম্বর দিবাগত রাতে ৪০ শতাংশ জমিতে রোপণ করা ধানে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষক আহমেদুল ইসলাম মনা।
ভুক্তভোগী কৃষক আহমেদুল ইসলাম মনা জানান, ২০০৭ সালে উত্তর জগন্নাথপুর মৌজার ২১৫ নম্বর দাগে জমিটি কেনার পর থেকে তিনি নিয়মিত চাষাবাদ করে আসছেন। চলতি বছরের ২৯ জুলাই ওই জমিতে আমন ধান রোপণ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে তাঁকে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
তিনি অভিযোগ করেন, পূর্বের ওই বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর দিবাগত রাতে জমিতে রোপণ করা আমন ধানে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় সাহাবুর ইসলাম, রাসেল, আব্দুস সালাম, মাহাবুর রহমান ও মোজাফফর রহমানের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকতে পারে। তবে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্