
দেশে অস্থিরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের শিল্পবান্ধব পরিবেশ ও বিনিয়োগের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
দেশে কোনো ধরনের অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় নেতা পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা মোকাবিলা করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার প্রয়োজন হলে আগামীকাল সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন বলে জানান তিনি। একই সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে অথবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়া ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় ফিরিয়ে আনার মতো পরিস্থিতি কেউ সৃষ্টির চেষ্টা করলে জাতি তা দেখতে পাবে এবং সরকার বিষয়টি উন্মোচন করবে। কোনো সম্মিলিত ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেলে তা বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা অন্য কোথাও পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সামগ্রিক চিত্র হিসেবে দেখার বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি প্রতীকী ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে প্রচার করা যৌক্তিক নয়। তার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো মূল্যে শিল্পবান্ধব পরিবেশ ও বিনিয়োগের অনুকূল পরিস্থিতি বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের অভ্যন্তরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা ও পরিকল্পনা নস্যাৎ করেছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
তিনি জানান, বিভিন্ন ধরনের উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, যাতে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। নিরপেক্ষ ও তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্তের ওপার থেকে ইন্ধন এবং দেশের অভ্যন্তরে কারা এর সঙ্গে জড়িত, তা স্পষ্ট করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা দৃশ্যমান হচ্ছে। রাজনৈতিকভাবে সচেতন মানুষ এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বুঝতে পারছেন।
তিনি আরও বলেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপারে পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পক্ষ থেকে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। দেশের অভ্যন্তরে কারা এসব তৎপরতায় জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।