প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
জাকিরুলের ঝোড়ো ব্যাটিংয়ে ড্যাফোডিলকে হারিয়ে সেমিফাইনালে ইউল্যাব

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। দলের জয়ে ৪৫ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জাকিরুল আহমেদ।
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ক্রিকেট প্রতিযোগিতায় দাপুটে জয় পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) ৬ উইকেটে হারিয়েছে দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইউল্যাব। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ড্যাফোডিল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন এম রিয়াজুল ইসলাম। ৫১ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া এম রহমান ১০ বলে ২২ এবং আবিদ হোসেন করেন ১৯ রান।
ইউল্যাবের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেড পরাগ। ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইউল্যাব। জাকিরুল আহমেদের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে দলটি।
জাকিরুল ৪৫ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দেন ফিরদাউস। তিনি ৪৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া সৌরভের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছক্কা।
ড্যাফোডিলের হয়ে এস রহমান ২টি উইকেট নেন। হোসেন ও পি ছায়াতৃৎজী একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইউল্যাব। চার ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। অন্যদিকে, চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউনিভার্সিটি অব স্কলার্স। গ্রুপ ‘এ’ থেকে এই দুই দলই সেমিফাইনালে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্