প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
ছাত্রলীগের নাশকতার অভিযোগ, সমন্বয়কদের শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে রাকিবের প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এ পরিস্থিতিতে দায়িত্বশীল কয়েকজন সমন্বয়ক ও ছাত্রনেতার শ্রীমঙ্গল ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের এমন সময়ে কয়েকজন সমন্বয়ক ও ছাত্রনেতার শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি অর্থের বিনিময়ে টোকাই ও রিকশাচালকদের ব্যবহার করে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি বলেন, পলাতক অপশক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরসহ নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা কারাগারে থাকা নিজেদের বিপুলসংখ্যক নেতাকর্মীর পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের এই সময়ে কয়েকজন সমন্বয়ক ও ছাত্রনেতার শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সমালোচনা করে রাকিব বলেন, এ ধরনের আচরণ জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
ডিসেম্বর মাস ঘিরে নিষিদ্ধ সংগঠনের হুমকি-ধমকিকে অবাস্তব উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশে সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে বিজয়ের মাস উদযাপন করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বিজয় উৎসব পালন করা হবে।
তিনি দাবি করেন, গত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
রাকিবের ভাষ্য, ৫ আগস্টের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি বলেও দাবি করেন তিনি।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি বিশেষ ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদল সভাপতি। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হলে একটি পক্ষ নিষ্ক্রিয় হয়ে পড়ে।
শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে কয়েকজন নেতার পারিবারিক কাজে সময় দেওয়া কিংবা শ্রীমঙ্গলে ভ্রমণে যাওয়ার বিষয়টি তাঁকে ব্যথিত করেছে বলে মন্তব্য করেন রাকিব। অতীতের গণঅভ্যুত্থানের সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনাকাটা ও পারিবারিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
তাদের ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকলে কিংবা প্রশিক্ষণের প্রয়োজন হলে ছাত্রদল প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্