প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতের এক এমপিকে দল ছাড়তে ফোন: সংসদে শফিকুর রহমান

গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ফোন করে দল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ তোলেন।
গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে দল ছেড়ে দেওয়ার জন্য ফোন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াতের আমির।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, বিভিন্ন স্থানে বিরোধী দলের সদস্যদের হয়রানি করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন।
তিনি বলেন, ‘এই মাত্র এক সংসদ সদস্য বললেন, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়েছে আপনি জামায়াত ছেড়ে দেন। আমি তাকে বলেছি এটা ভুয়া হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বর রেকর্ড করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিই। তারা দেখুক সে কে। এ কথা বলার দায়িত্ব ও অধিকার আদৌ কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না? এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?’
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদর দপ্তর এবং থানার সামনেও হামলার ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও টানা কয়েক দিন ধরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সর্বশেষ মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, সরকার যদি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল বসে থাকবে না। তবে সরকারের দায়িত্ব সরকারকেই পালন করতে হবে।
তিনি আরও বলেন, অতীতেও জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করার নজির রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্