
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলা বিচারাধীন। নতুন কর্মস্থলে তাঁর বদলির খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলার আসামি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অতীতে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। নতুন কর্মস্থলে তাঁর পদায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।
গত ৩ নভেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং দুর্নীতির মামলা চলমান থাকার বিষয়টি সামনে এনে এ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের আশঙ্কা, অতীতের মতো নতুন কর্মস্থলেও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তির মুখে পড়তে হতে পারে। তাঁদের মতে, সরকারি দপ্তরের কর্মচারীদের প্রধান দায়িত্ব সাধারণ মানুষকে সেবা দেওয়া। তাই কোনো কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়ার আগে সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. কামরুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে মামলা নম্বর ০৩/২০২৩ দায়ের করা হয়। পরে ২০২৪ সালের ১ অক্টোবর তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।
মামলার কার্যক্রম চলাকালে ২০২৪ সালের ৩ জানুয়ারি শহিদুল ইসলাম মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৩১০/২০২৪) দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তাঁর স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি।
শহিদুল ইসলামকে নিয়ে অতীতেও বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের মামলা এবং তদন্তের অগ্রগতির বিষয় উঠে আসে। এর আগে ২০২০ সালেও তাঁর সম্পদ ও বাড়ি নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এ বিষয়ে রাণীশংকৈলের স্থানীয় সাংবাদিক মোরাবক আলী, নাজমুল হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, এর আগে একজন সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কেন্দ্র করে রাণীশংকৈলবাসীকে মিছিল, সভা, অভিযোগ, মামলা ও হামলার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আবারও একই ধরনের অভিযোগে আলোচিত কোনো কর্মচারী এ উপজেলায় দায়িত্ব নিতে এলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে পারেন। একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে—এমন কর্মচারীকে নতুন কর্মস্থলে পদায়নের আগে বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, শহিদুলের বিষয়ে তিনি শুনেছেন। এ ধরনের কর্মচারী কার্যালয়ে থাকলে চাকরি করা কঠিন হয়ে পড়বে। তবে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার পরামর্শ দেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা থাকলে সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তা যাচাই করা হবে। তাঁর বদলির আদেশ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেওয়া হয়েছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হবে। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।