
এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের কর্মকর্তাদের আত্তীকরণসংক্রান্ত বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আত্তীকরণ কার্যক্রম স্থগিত রাখার দাবি উঠেছে। একই সঙ্গে সচিবালয়ের গোপন নথি ফাঁস, কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি ও অর্থ সংগ্রহের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের পাশাপাশি বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচি (এসইএসডিপি) প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ১২২ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আত্তীকরণ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়াসংক্রান্ত সচিবালয়ের গোপন নথিপত্র বাইরে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি এর পেছনে একটি মহলের ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত নির্মল, আলাউদ্দিন, সমর কান্তি ও আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ১২২ কর্মকর্তার আত্তীকরণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। প্রকল্পের বাকি হাজারো কর্মকর্তা-কর্মচারীকে বঞ্চিত করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি কর্মস্থল ত্যাগ করে নিয়মিত সচিবালয়ে যাতায়াতকারী ওই ১২২ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এসইএসডিপি প্রকল্পের কর্মকর্তাদের আত্তীকরণ নিয়ে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। একইভাবে সেসিপ (SESIP) প্রকল্পের কর্মকর্তাদের আত্তীকরণসংক্রান্ত মামলাও চলমান। এসব মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ বিষয়ে কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিভিন্ন মহলের অভিযোগ, ২০০৭ সালে এক-এগারোর সরকারের সময় নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মাঠপর্যায়ে তাঁদের ভূমিকা ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকায় এসব কর্মকর্তার পক্ষে মাঠপর্যায়ে পক্ষপাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সহজ ছিল। তাঁদের আরও বক্তব্য, বিএনপি, জামায়াতসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন পক্ষের নেতারা মনে করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিগত সরকারের ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তারা বহাল থাকলে প্রশাসনিক কার্যক্রম এবং সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এসব অভিযোগ বিভিন্ন সময়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
**গোয়েন্দা তদন্তের দাবি**
সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামীপন্থী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে কাজ করা অভিযুক্ত কর্মকর্তাদের কেউ কেউ বর্তমানে তাঁদের সঙ্গে গোপনে যোগাযোগ বাড়িয়েছেন।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে ওই কর্মকর্তারা মাঠপর্যায় থেকে গোপনে অর্থ সংগ্রহ করেছেন বলেও বিভিন্ন মাধ্যমে আলোচনা রয়েছে। সংগৃহীত অর্থ দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ কারণে বিষয়গুলো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে জরুরি ভিত্তিতে তদন্তের দাবি জানানো হয়েছে।
সচেতন মহল ও ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে, এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের আত্তীকরণসংক্রান্ত বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ১২২ কর্মকর্তার আত্তীকরণ কার্যক্রম স্থগিত রাখা, সচিবালয়ের গোপন নথি ফাঁসের ঘটনা তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা।
একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও অর্থ সংগ্রহের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।