
গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও নতুন শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তাঁর মতে, এ যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বৃহৎ প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হবে।
আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
এ অর্জনের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগ তৈরি হওয়ায় আগামী দিনে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিনিয়োগ কাজে লাগানো গেলে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিও সহজ হবে।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান সরকারের কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এ কারণে এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন বন্ধ ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা তৈরির ধারাবাহিকতায় এ অর্জন এসেছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ার পাশাপাশি তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাহদী আমিন আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে। নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, উৎসাহিত হয়ে বাংলাদেশের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করেছে বলে তিনি জানান।
বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন বলেন, ডিএফসির তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।