প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আগেই এর প্রতিকার করতে হবে, অন্যথায় দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জ জেলায় অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি জেলার যোগাযোগ থাকায় দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও তাঁদের কাছে তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমানের ভাষ্য, কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় লুটপাট চালানো হবে, সে সম্পর্কেও আগাম ঘোষণা দেওয়া হচ্ছে।
বিরোধীদলীয় নেতা বলেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলার ডিসি, এসপি ও তিনজন ওসিকে বদলি করা হয়েছে। তবে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এর বাইরে কী দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ও চলমান সংসদ থাকা অবস্থায় প্রকাশ্যে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলতে পারে না।
চিকিৎসকের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিষফোড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়ার আগেই তার সঠিক ট্রিটমেন্ট করতে হবে। তা না হলে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক হুমকিতে পড়বে।’
তিনি আরও বলেন, গোপালগঞ্জে অনেক দেশপ্রেমিক ও নিরীহ নাগরিক রয়েছেন। তাঁদের জীবন ও সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। বিশৃঙ্খলাকারীদের কর্মকাণ্ড আর নীরবে পর্যবেক্ষণের সুযোগ নেই উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্