
সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে লকডাউনের সমর্থনে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। একই দিনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জে বুধবার (১৮ নভেম্বর) রাতে ও দিনে পৃথক ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙানো, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে লকডাউনের সমর্থনে ব্যানার টাঙান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে এ ব্যানার টাঙানো হয় বলে জানা গেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
একই দিন বিকেলে শহরের এসএস রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের অন্ধকারে বিএনপির কার্যালয়ে ব্যানার লাগানোর দৃশ্য তিনি দেখেছেন। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ব্যানার টাঙিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই রাজনীতি হয় না। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ছেঁচড়া চোরের মতো কাজ বলে মন্তব্য করেন।
বিকেলে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না। তাঁর দাবি, সারা দেশে আওয়ামী লীগ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে অন্যান্য এলাকার মতো সিরাজগঞ্জের মানুষও বিক্ষুব্ধ। ২০২৪ সালের আগস্টে যারা স্বৈরাচার বিদায় করেছিল, সেই বিক্ষুব্ধ ছাত্র-জনতাই আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করতে বিক্ষুব্ধ জনতা সেখানে এসেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করে।