প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট ও মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিরাপত্তার কারণে বাগেরহাট ও মোংলা থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
একই পরিস্থিতি বিরাজ করছে বন্দরনগরী মোংলাতেও। সেখান থেকেও দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
ঢাকাগামী দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাসেল জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় সর্বশেষ বাস ছেড়ে গেছে। এরপর থেকে আর কোনো বাস চলাচল করেনি।
দূরপাল্লার আরেক পরিবহনের টিকিট বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারও পরিস্থিতির উন্নতি না হলে বাস ছাড়া হবে না।
হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রীবাহী একটি পরিবহনের সুপারভাইজার জানান, গোপালগঞ্জের পরিস্থিতি ভালো না থাকায় যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাগেরহাট মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর এবং বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, দূরপাল্লার বাসগুলোর মালিকানা ও পরিচালনব্যবস্থা আলাদা। এসব পরিবহনের চলাচল ও বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মালিকেরা নিজেরাই সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, মোংলা বাসস্ট্যান্ডের পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা রবিউল ইসলাম জানান, গোপালগঞ্জের চলমান অস্থিরতার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস ছাড়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নিয়মিত বাস চলাচল শুরু হবে।
বাগেরহাট ও মোংলা থেকে প্রতিদিন দোলা, বলেশ্বর, সুন্দরবন, ইউনিক, ইমাদ, ফাল্গুনী ও দিগন্তসহ বিভিন্ন পরিবহনের অন্তত শতাধিক যাত্রীবাহী বাস ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্