প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, ভারতের উপকূলে সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে উড়িষ্যা সরকার।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও পরিবর্তনের সম্ভাবনা দেখা গেছে।
ঘূর্ণিঝড় ও এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় উড়িষ্যার ১৪টি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ।
এসব জেলার অধিকাংশ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্যান্য জেলাতেও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উড়িষ্যার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনগুলোকে।
বিশেষ করে কাঁচা ঘরে বসবাসকারী এবং উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর অতিবৃষ্টিজনিত ভূমিধসে উড়িষ্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। আগের সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার আকভানের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্