প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল, থাকছে রেকর্ড প্রাইজমানি

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা।
সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ে ছুটে চলা এবং নিউজরুমের ব্যস্ততার মধ্যেই প্রতিদিন সময় কাটে সাংবাদিকদের। পেশাগত দায়িত্বের বাইরে সহকর্মীদের সঙ্গে আনন্দ ও বিনোদনে সময় কাটানোর সুযোগ তুলনামূলক কম। সংবাদকর্মীদের সেই কর্মব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি দিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ।
‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ শীর্ষক এই প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হবে। ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল আসছে চমক নিয়ে’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি দেওয়ার ঘোষণা রয়েছে।
আয়োজকদের অন্যতম লক্ষ্য হলো সংবাদমাধ্যমের কর্মীদের নিয়মিত পেশাগত ব্যস্ততা থেকে বিরতি দিয়ে খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়ানোও এ আয়োজনের উদ্দেশ্য।
প্রতিদিন সংবাদ সংগ্রহ ও সম্পাদনাসহ নানা দায়িত্ব পালনে ব্যস্ত থাকা সাংবাদিকেরা এই প্রতিযোগিতার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে পেশাগত সম্পর্কের পাশাপাশি পারস্পরিক আন্তরিকতা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এবিজি মিডিয়া কাপ ফুটবল কেবল একটি প্রতিযোগিতা হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি মিডিয়া অঙ্গনের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে। বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা একই মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আনন্দ ও সৌহার্দ্য বিনিময় করতে পারবেন।
এবারের টুর্নামেন্টে ক্রীড়ানৈপুণ্য ও প্রতিভা প্রদর্শনের পাশাপাশি থাকছে আয়োজনের নানা চমক। মাঠে জয়-পরাজয়ের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে পুরো আয়োজনজুড়ে বন্ধুত্ব, সহমর্মিতা ও আনন্দের পরিবেশ থাকবে।
ইতোমধ্যে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জার্সি গায়ে মাঠে নামার পাশাপাশি প্রতিযোগিতার জন্য দল গুছিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে।
রেকর্ড পরিমাণ প্রাইজমানি, নতুনত্বপূর্ণ আয়োজন এবং সাংবাদিকদের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এবিজি মিডিয়া কাপ ফুটবল মিডিয়া অঙ্গনের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্