
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায়সংগত মজুরি নির্ধারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সমতাভিত্তিক পরিবেশ দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।
আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।
শ্রমমন্ত্রী বলেন, গবেষক, নীতিনির্ধারক, শিল্পমালিক ও শ্রমিকদের একত্রে কাজ করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে এই সম্মেলন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মক্ষেত্রে নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের সুরক্ষা নিয়ে গবেষণা বাড়ানো প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী। এগুলো হলো—গবেষণা ও তথ্যনির্ভর শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম শক্তিশালী করা; ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো; নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা; কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও পেশাগত রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
এ সময় গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি। নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য উন্নয়ন সহযোগী, গবেষক, মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক শিল্পেরও ক্ষতি করতে চায়।
তিনি বলেন, দেশের অন্যতম প্রধান শিল্প খাত তৈরি পোশাকশিল্পকে সুরক্ষিত রাখা সবার দায়িত্ব।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে তৈরি পোশাক খাতে পাঁচ বছর অন্তর মজুরি বৃদ্ধি করা হয়েছিল। তবে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবার ইতিহাসে প্রথমবারের মতো তিন বছরের ব্যবধানে মজুরি বোর্ড গঠন করেছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।