
২০৩১ সালের মধ্যে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতের উন্নয়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তির অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করাই নতুন নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য।
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে।
এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করার পরিকল্পনার কথাও জানান।
আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এ খাতের উৎপাদন ও সম্প্রসারণ বাড়াতে হবে।
এসএমই খাতের বিকাশে মূলধন ও প্রযুক্তির ঘাটতি, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যাকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান।
তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবার চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে প্রবেশ করতে হবে।
ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। কোথাও চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে ইতালি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এসব পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও উপযুক্ত মোড়ক নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
বিদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে পণ্য মেলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলা আয়োজন করা যেতে পারে। এতে উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অনেকে পণ্যের অর্ডার দিতেও চেয়েছিলেন। কিন্তু অর্ডার গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি।
ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করার ওপর জোর দেন তিনি, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে পণ্যের অর্ডার দিতে পারেন এবং সেখানেই ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ব্যবস্থা থাকে।
আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, ভৌগোলিক নির্দেশক (জিআই), ট্রেডমার্ক ও নকশা নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁরা পোশাক ও বুটিকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল মাধ্যমে পণ্য বাজারজাত করছেন।
নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক যোগাযোগ এবং পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার বলেও জানান তিনি।
তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় চাকরির পেছনে ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিতে হবে। মেলায় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে বেলা ১১টায় ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন তিনি।
মেলার অংশ হিসেবে সাতটি সাধারণ ও একটি বিশেষ বিভাগে মোট আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, পরিবেশবান্ধব এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।