
যশোরের শার্শায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ১১৪ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ গার্ডার সেতু। সেতুটি নির্মাণ হলে উপজেলার উলাশী ডাকবাংলা-যদুনাথপুর সড়কে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হবে। উলাশী ডাকবাংলা-যদুনাথপুর সড়কের ৪৫ মিটার চেইনেজে এটি নির্মাণের জন্য প্রশাসনিক ও দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদনপত্র অনুযায়ী, সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৮ হাজার ৮৪৪ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৩৩ টাকা। আর সংযোগ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ১১ হাজার ৮১১ টাকা।
ই-জিপির মাধ্যমে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। চুক্তি স্বাক্ষরের পর ১৮ মাসের মধ্যে পুরো নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে প্রকল্পে বিভিন্ন শর্তও রাখা হয়েছে। এর মধ্যে জিপিএসের মাধ্যমে লে-আউট নির্ধারণ, পানির সর্বোচ্চ স্তর পরিমাপ, পাইলিংসহ গুরুত্বপূর্ণ কাজের রিয়েল-টাইম মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ হলে শার্শার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করার সুযোগ তৈরি হবে।