প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার চান হুমায়ুন কবির

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক ও এর গতিশীলতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ ছাড়া নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দুই দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন উভয় পক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্