প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
সাংবাদিকদের ওয়েজবোর্ড ও অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সার্বিক কল্যাণ, ওয়েজবোর্ড ও পেশাগত অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সাংবাদিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা এবং তাদের সার্বিক কল্যাণে ওয়েজবোর্ডসহ প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন এমন কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা নিতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা প্রয়োজন।
আজ সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। সভায় আগের বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য কে সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এবং কে হবেন না, তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির প্রস্তাবও দেন ইয়াসের খান চৌধুরী। এ ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা সম্ভব কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চান তিনি।
সভায় বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, লেখক ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হকসহ অনেকে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও বক্তব্য দেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্