
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাশেদ খান তার স্ট্যাটাসে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি লিখেছেন, বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। (Jagonews24)
একই পোস্টে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ তুলে রাশেদ খান লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যদি তাকেও পদত্যাগে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না।
দলীয় শৃঙ্খলা ও প্রধানমন্ত্রীর অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।
দেশ ও জনগণের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংসদ সচিবালয়ের স্পিকারের দপ্তরে মিষ্টির পদত্যাগপত্র জমা পড়েছে কি না, সে বিষয়ে তখনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বলে বিডিনিউজ২৪-এর প্রতিবেদনে জানানো হয়।