অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় না বিএনপি: ধর্মমন্ত্রী কায়কোবাদ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং বর্তমানে আরেকটি দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে একই ধরনের ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বিএনপি কোনো চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না; বরং মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চায়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা ও সনাতন হিন্দু সম্প্রদায়ের কল্যাণে নিজের অর্থায়নে গঠিত তহবিল থেকে মোট ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে সফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি মুক্তিযুদ্ধ কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মান ও মর্যাদা রক্ষা করতে চায়।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সংখ্যালঘুদের জানমাল ও সম্মান রক্ষাকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করেছেন। এই আমানত সবাইকে রক্ষা করতে হবে।

মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, গত নির্বাচনে তাঁরা তাঁকে সহযোগিতা করেছেন। এমনকি তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সময় মুক্তির দাবিতে মানববন্ধনও করেছিলেন। এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান।

দেশের স্বাধীনতা যুদ্ধ ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে জিয়াউর রহমানও ছিলেন একজন মুক্তিযোদ্ধা।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেককে তাঁর প্রাপ্য সম্মান দিতে হবে এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রবাসী কার্ড এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মতো পদক্ষেপ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে।

সরকারের আট মাসে এসব উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান। তিনি প্রধানমন্ত্রীকে গরিব, অসহায় ও সাধারণ মানুষের বন্ধু হিসেবে উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষার জন্য দোয়া কামনা করেন।

মুরাদনগরের শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, উপজেলার পরীক্ষার ফলাফল তাঁকে কষ্ট দিয়েছে। শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পরপর দুই বা তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুপারিশ করবেন। সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার পরও শিক্ষার্থীদের ফলাফল ভালো না হওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। অভিভাবকেরা অনেক আশা নিয়ে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান, তাই তাঁদের প্রত্যাশার প্রতিফলন ফলাফলে থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

প্রতিভা স্কুলের পরিবেশ ও কার্যক্রমের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করে অভিভূত হয়েছেন। তাঁর এক শিক্ষকের মেয়ে প্রশাসনের সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। সমাজের অবহেলিত ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিদ্যালয়টির কল্যাণে প্রয়োজনে নিজের রক্ত দেওয়ারও অঙ্গীকার করেন।

শারীরিক অসুস্থতা নিয়েও মুরাদনগরে আসার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, হিপ রিপ্লেসমেন্ট ও চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই তিনি এলাকার মানুষের টানে এসেছেন। চিকিৎসার জন্য ছুটি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মুরাদনগরের মানুষ তাঁকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন এলাকার মানুষের পাশে থাকবেন।

উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগরে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো আল্লাহর রহমতে সম্পন্ন হলে আগামী পাঁচ বছরে সেখানে আর উন্নয়নকাজের প্রয়োজন হবে না বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এ ছাড়া মুরাদনগর উপজেলায় এক লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়া স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে সাত হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, পুরস্কারের অর্থের চেয়ে বড় বিষয় হলো উৎসাহ দেওয়া। প্রধানমন্ত্রীর আহ্বানে একটি উপজেলায় এক লাখের বেশি গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় অংশগ্রহণকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সনাতন ধর্মাবলম্বী, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে ধর্মমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রতিভা স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের উৎসাহ দিতে নগদ অর্থ দেন। এ সময় বিদ্যালয়টিকে এক লাখ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে হেফাজতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

1

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

2

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

3

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

4

চেয়ার কার, দায়িত্ব কার?

5

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

6

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

7

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় ৩৫ মোবাইল কোর্ট

8

ঢাকায় অগ্নিসংযোগ-সহিংসতার প্রতিবাদে প্রকৌশলীদের বিক্ষোভ

9

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার সরকারের

10

নরওয়ের রাজার মৃত্যুতে শোক জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

11

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

12

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

13

কৃষকের চাহিদা অনুযায়ী ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ

14

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

15

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত

16

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

17

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

18

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

19

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার-বিরোধী দলকে দায়িত্বশ

20