বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী এবং জনগণের কল্যাণে সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন বিএনপি দেখে না।
বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করতে চায়। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
আজ রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের সাত মাসের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিফলন ঘটেছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই বরদাস্ত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ-সংকটের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসনে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। তাঁর মতে, বিএনপির সততা ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্যের একটি দৃষ্টান্ত এটি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের সেবায় কাজ করছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করছে দলটি।
এসব উদ্যোগের ভিত্তিতে আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ডিএনসিসির বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি, আক্রান্ত রোগী শনাক্ত এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে আগত নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (এনসিডি), পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মন্তব্য করুন