মহাকাশ থেকে চাঁদের আলোয় আলোকিত পৃথিবীর মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নাসার নভোচারী জেসিকা মেয়ার। মিল্কিওয়ের পটভূমিতে নীল মহাসাগর ও মহাদেশের সীমানাসহ পৃথিবীর এই দৃশ্য মুগ্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
মহাকাশের সৌন্দর্য পৃথিবীর মানুষের কাছে সবসময়ই আকর্ষণের। এবার মহাকাশ থেকে পৃথিবীর তেমনই এক দৃষ্টিনন্দন মুহূর্ত তুলে ধরেছেন নাসার নভোচারী জেসিকা মেয়ার। তাঁর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে পুরো পৃথিবী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিয়মিত মহাকাশের বিভিন্ন দৃশ্য শেয়ার করেন জেসিকা মেয়ার। সম্প্রতি তিনি মিল্কিওয়ের পটভূমিতে চাঁদের আলোয় উদ্ভাসিত পৃথিবীর একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওটির ক্যাপশনে জেসিকা মেয়ার লেখেন, ছায়াপথের সঙ্গে চাঁদের আলোয় আলোকিত পৃথিবী। আগের প্রকাশ করা ছায়াপথের দৃশ্যের সঙ্গে এই দৃশ্যের তুলনা করার পাশাপাশি তিনি চাঁদের আলোর শক্তির কথাও উল্লেখ করেন।
জেসিকা জানান, পৃথিবীর ওপর চাঁদের আলো এতটাই উজ্জ্বলভাবে পড়ছিল যে মহাকাশ থেকে রাতের সময়ও অনেকটা দিনের মতো মনে হচ্ছিল। এমনকি নীল মহাসাগর ও মহাদেশগুলোর সীমানাও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
নভোচারী জেসিকা মেয়ার বলেন, চাঁদের এই অপরূপ আলো তাঁদের নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে। বিশেষ করে নাসার ‘আর্টেমিস’ কর্মসূচির মাধ্যমে আবার চাঁদে ফেরার ক্ষেত্রে এই দৃশ্য বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
জেসিকার শেয়ার করা ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে মজার ছলে লিখেছেন, পৃথিবী যেন আনমনে চাঁদের আলোয় গোসল করছে। অন্য একজন দৃশ্যটিকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। আরেকজনের ভাষায়, এটি সত্যিই এক অসাধারণ দৃশ্য।
মন্তব্য করুন