পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং যেকোনো ধরনের হামলার অপচেষ্টার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে লক্ষ লক্ষ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বলেও মন্তব্য করেন তিনি।
পবিত্র আল হারামাইনের মক্কা ও মদিনার দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে জন্য মুসলিম উম্মাহর ঐক্য প্রয়োজন।
বিবৃতির শেষে ধর্মমন্ত্রী মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।