ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। স্বচ্ছ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম ঢাকায় বসে ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে এ ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে কাজ করছে কমিশন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিইসি। এ সময় তাঁর সঙ্গে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে। নির্বাচনের প্রতিটি কার্যক্রম সবার কাছে দৃশ্যমান রাখতে চায় কমিশন। এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি এবং সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনকে স্বচ্ছ ও দৃশ্যমান রাখার পাশাপাশি ভোটের প্রতিদ্বন্দ্বিতাকে উৎসবমুখর পরিবেশে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান এ এম এম নাসির উদ্দিন। এর মধ্য দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় কমিশন।
১১-দলীয় জোটের পক্ষ থেকে আগাম উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা অভিযোগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি আরও বলেন, শুধু ঠাকুরগাঁও-১ আসন নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।
সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে সিইসি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ও সংস্থাকে মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঢাকায় বসে পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সার্বিক কার্যক্রমের ওপর নজর রাখছে।
মন্তব্য করুন