দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের পাশাপাশি টেকনিশিয়ান এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সংকট রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। চিকিৎসক নিয়োগের বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের সংকট নিরসনের পাশাপাশি টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ও এজিএম-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম আনা হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থাকে না। ডায়ালিসিসের মেশিন কেনা হলেও লোকবলের অভাবে সেগুলো অব্যবহৃত পড়ে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন করতে হবে। চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অতীতেও অনেক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার বেশ কিছু এখনো বিভিন্ন স্থানে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। যন্ত্রপাতি কেনার পর সেগুলো পরিচালনার জন্য লোকবল না থাকলে সেই উদ্যোগের সুফল পাওয়া যাবে না।
রাষ্ট্রপতি আরও বলেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে। তা না হলে আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে।
দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দরিদ্র ও সাধারণ মানুষের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
চিকিৎসকদের আরও মানবিক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি দেশের সব নাগরিকের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
বক্তব্যে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের আগে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য-সচিব অধ্যাপক ডা. হাসান জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এম রফিকুল ইসলাম বাচ্চু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
মন্তব্য করুন