ফুটবল মাঠের পর এবার অ্যানিমেশনের জগতে পা রাখছেন লিওনেল মেসি। তাঁর প্রযোজনায় নির্মিত নতুন অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ হয়েছে।
ফুটবলের বাইরে নতুন সৃজনশীল উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাঁর প্রযোজনায় নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে।
সিরিজটির গল্পের কেন্দ্রীয় চরিত্র ১২ বছর বয়সী কিশোর ‘লিও’। টিজারের শুরুতে দেখা যায়, হঠাৎ নিজের কম্পিউটারের পর্দার ভেতরে ঢুকে যায় সে। এরপর ‘ইকো’ নামের এক অদ্ভুত ও বিভক্ত কাল্পনিক জগতে আটকা পড়ে লিও। সেই জগতের নিয়ন্ত্রণ রয়েছে দৈত্যদের হাতে।
অচেনা সেই জগৎ থেকে ফিরে আসতে লিওকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ‘চিট-কোড’ ছাড়াই দলগত সহযোগিতা ও নিজের ফুটবল দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক কঠিন ফুটবল লড়াইয়ে জয়ী হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে তাকে।
সিরিজের প্রধান চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। প্রকাশিত টিজারে সিরিজটির সংগীতেরও আভাস পাওয়া গেছে। এতে থাকছে আর্জেন্টাইন শিল্পী লাক রার গাওয়া নতুন থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’।
‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’ শুধু ফুটবলকে কেন্দ্র করে তৈরি অ্যানিমেশন নয়। এতে বন্ধুত্ব, দলগত সহযোগিতা, সাহস এবং কঠিন পরিস্থিতি মোকাবিলার বিষয়ও তুলে ধরা হবে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মে বিশ্বজুড়ে ‘ডিজনি প্লাসে’ মুক্তি পাবে সিরিজটি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ‘ডিজনি চ্যানেলেও’ এটি প্রচার করা হবে।
ফুটবল মাঠে দীর্ঘ সাফল্যের পর অ্যানিমেশনের জগতে মেসির এই নতুন উদ্যোগ দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: বেইন স্পোর্টস
মন্তব্য করুন