কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে এআই এজেন্টের মাধ্যমে হ্যাকিংয়ের চেষ্টা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। তবে সরকারি সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, এতে সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কানাডার একটি সরকারি ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে।
ট্রান্সলুস ঘটনাটিকে ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে কানাডা জানিয়েছে, ওই ঘটনায় সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকিংয়ের চেষ্টায় ব্যবহৃত কৌশলগুলো অতীতে ওপেনএআইয়ের এজেন্টের কার্যক্রমে দেখা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এ ঘটনায় ওপেনএআই সরাসরি জড়িত—এমন কোনো নিশ্চিত দাবি করেনি ট্রান্সলুস।
একটি ব্লগ পোস্টে ট্রান্সলুস জানায়, গত ২৮ মে এবং ৯ জুন এআই এজেন্টরা ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি গত সোমবার কানাডা সরকারকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ গত মঙ্গলবার জানায়, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যক্রম সম্পর্কে তারা অবগত। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বর্তমানে সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এ বিষয়ে ওপেনএআই জানায়, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের জন্য তাদের মডেলগুলোর প্রচেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, তারা প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে এবং সরকারি পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডীয় কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।
মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো সতর্ক করে আসছে। একই সঙ্গে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এই প্রযুক্তি পরিচালনায় সরকারগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তারা। তবে দ্রুত পরিবর্তনশীল এআই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা বিশ্বজুড়ে সরকারগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ট্রান্সলুস জানায়, গত ২৮ মে পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ এবং ৯ জুন লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের কিছু হ্যাকিং প্রচেষ্টাও ছিল, যেগুলো দৃশ্যত সফল হয়নি।
অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের কয়েকটি ঘটনা কানাডা সরকার ও বিভিন্ন কোম্পানির মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
অস্ট্রেলিয়া গত সপ্তাহে জানায়, গত জুনে একটি ওপেনএআই এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালের নিরাপত্তা ভেঙে বিভিন্ন ফাইলে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। এটিই কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম ঘটনা ছিল বলে জানায় দেশটি।
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওই এআই এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় ওপেনএআই গত মঙ্গলবার ক্ষমা চেয়েছে।
মন্তব্য করুন