ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সংবাদ:
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।
রোববার (৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি অনুযায়ী প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়েও এ কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনবল বৃদ্ধি, যন্ত্রপাতি বাড়ানো এবং পদোন্নতির বিষয়ে কাজ চলছে। এরই মধ্যে কিছু ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে আরও অনেক ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং আকস্মিকভাবে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দেওয়া যায়, সে বিষয়ে সবাইকে আরও সচেতন ও উদ্যোগী হতে হবে।
মন্ত্রী বলেন, মানুষ যত বেশি আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজেও তত ধরনের নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও কাজ করার সুযোগ রয়েছে।
সেমিনারে খুলনা সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সূত্র: বাসস
মন্তব্য করুন