বরিশাল নগরীর চৌমাথা লেকে স্থাপন করা হয়েছে পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইট’। সন্ধ্যার পর এসব বাতির আলো ও পানিতে এর প্রতিফলনে লেকের সৌন্দর্য বেড়েছে, আকৃষ্ট হচ্ছেন নগরবাসী ও দর্শনার্থীরা।
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল নগরীর চৌমাথা লেকের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ হয়েছে। লেকের চারপাশে স্থাপন করা হয়েছে পদ্মফুলের আদলে তৈরি দৃষ্টিনন্দন ‘লোটাস লাইট’। সন্ধ্যার পর বাতিগুলো জ্বলে উঠলে পানিতে আলোর প্রতিফলনে তৈরি হচ্ছে মনোরম পরিবেশ।
বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহিদ মুরাদ জানান, আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সৌন্দর্যবর্ধক সড়কবাতির এমন ব্যবহার অনলাইনে দেখে চৌমাথা লেককে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করার উদ্যোগ নেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
তিনি জানান, পর্যায়ক্রমে চৌমাথা লেকে আরও ‘লোটাস লাইট’ স্থাপন করা হবে। পাশাপাশি পার্ক সংস্কার, বটগাছে ঝাড়বাতি স্থাপন, দর্শনার্থীদের বসার জায়গা তৈরি, চারপাশে সবুজায়ন এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।
সিটি করপোরেশনের বিদ্যুৎ কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ঢাকার পর বাংলাদেশে বরিশালেই প্রথমবারের মতো এ ধরনের লোটাস লাইট স্থাপন করা হয়েছে। এর আগে গত মে মাসে চৌমাথা লেকে মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা চালু করে সিটি করপোরেশন। বর্ণিল আলো, পানির নৃত্য ও সংগীত উপভোগ করতে উদ্বোধনের পর থেকেই লেক এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এর সঙ্গে লোটাস লাইট যুক্ত হওয়ায় রাতে লেকের সৌন্দর্য আরও বেড়েছে।
সন্ধ্যার পর লেকের চারপাশে হাঁটতে আসা মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে আলোকসজ্জা উপভোগ করছেন। পরিবার নিয়ে আসা মানুষ, শিক্ষার্থী এবং তরুণ-তরুণীদের কাছে জায়গাটি ধীরে ধীরে বিনোদনের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হচ্ছে।
ঘুরতে আসা সনিয়া আক্তার বলেন, চৌমাথা লেকের পরিবেশ আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। পরিবার নিয়ে সন্ধ্যায় এখানে সময় কাটাতে ভালো লাগে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং বসার ব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।
হাতেম আলী কলেজের শিক্ষার্থী রাব্বি বলেন, লোটাস লাইট ও ফোয়ারা চালুর পর রাতে লেকের পরিবেশ অনেক আকর্ষণীয় হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি নগরবাসীর জন্য একটি ভালো বিনোদনকেন্দ্র হয়ে উঠতে পারে।
নগরবাসী বলছেন, কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এ নদীর তীরে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর। ঐতিহ্যবাহী এই শহরের নাগরিক জীবনে বিনোদন ও নান্দনিক পরিবেশের প্রয়োজন রয়েছে। কর্মব্যস্ত দিনের পর পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর মতো নিরাপদ ও সুন্দর স্থান নগরীতে সীমিত।
এ কারণে চৌমাথা লেকের পাশাপাশি বিবির পুকুরপাড় ও পদ্মপুকুরকেও পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের মতে, শুধু আলোকসজ্জা ও ফোয়ারা নয়, বসার ব্যবস্থা উন্নত করা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, হাঁটার পথের উন্নয়ন, লেকের পানি পরিষ্কার রাখা এবং অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখা গেলে চৌমাথা লেক বরিশালের অন্যতম প্রধান নাগরিক বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর বিনোদন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে চৌমাথা লেককে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে লেক ও এর আশপাশের সৌন্দর্যবর্ধন করা হবে। নগরবাসীর জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ বিনোদন পরিবেশ গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।
স্থানীয় সচেতন মহলের মতে, চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা গেলে চৌমাথা লেক নগরবাসীর বিনোদনের পাশাপাশি বরিশালের অন্যতম নান্দনিক স্থান হিসেবে পরিচিতি পেতে পারে।
সূত্র: বাসস