টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। সেপ্টেম্বরে তুলনায় সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। এতে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—অর্থনীতির চার প্রধান খাতেই ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে।
দুই মাসের মন্দাভাব কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আবারও গতিশীলতা ফিরতে শুরু করেছে। গত অক্টোবর মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ পৌঁছেছে। এর মাধ্যমে অর্থনীতির প্রধান চারটি খাতেই সম্প্রসারণের ধারা ফিরে এসেছে।
সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)। এর আগের দিন রোববার (৮ নভেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পিইবি যৌথভাবে অক্টোবর মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থা পরিমাপের সূচক পিএমআইয়ের স্কোর ৫০-এর বেশি হলে তা সম্প্রসারণ বা প্রবৃদ্ধি নির্দেশ করে। অন্যদিকে, ৫০-এর নিচে স্কোর থাকলে অর্থনীতির সংকোচন বোঝায়।
**খাতভিত্তিক অর্থনৈতিক পরিস্থিতি**
**কৃষি খাত:**
কৃষি খাতে টানা ১৪ মাসের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অক্টোবরে এ খাতের পিএমআই ৬ দশমিক ০ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ দাঁড়িয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সূচকে উন্নতি হয়েছে। পাশাপাশি কাজের বকেয়া বা অর্ডার ব্যাকলগ সূচকও আবার ইতিবাচক ধারায় ফিরেছে। চারটি খাতের মধ্যে কৃষিতেই সবচেয়ে ভালো অগ্রগতি দেখা গেছে।
**উৎপাদন খাত:**
সেপ্টেম্বরের নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে উৎপাদন খাতের পিএমআই ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯-এ পৌঁছেছে। ফলে এ খাত আবার সম্প্রসারণের পর্যায়ে ফিরেছে। অক্টোবরে কাঁচামাল কেনা, প্রক্রিয়াজাত পণ্যের মজুত এবং আমদানি বেড়েছে। তবে নতুন আদেশ, রপ্তানি আদেশ ও কারখানার উৎপাদন এখনো কিছুটা চাপের মধ্যে রয়েছে।
**নির্মাণ খাত:**
নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ০-এ দাঁড়িয়েছে। এর ফলে খাতটি সংকোচন ও সম্প্রসারণের সীমা অতিক্রম করে ইতিবাচক অবস্থানে ফিরেছে। সেপ্টেম্বরে স্থবিরতার পর অক্টোবরে কর্মসংস্থান সূচকে উন্নতি হয়েছে। তবে সামগ্রিক কাজের গতি এবং নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে এখনো সংকোচন রয়েছে।
**সেবা খাত:**
সেবা খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে অক্টোবরে ৫০ দশমিক ৩-এ পৌঁছেছে। এতে এ খাতে সামান্য সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেও সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড ও নতুন কাজের গতি এখনো তুলনামূলক ধীর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থনীতির চারটি প্রধান খাতেই উৎপাদনের সামগ্রিক ব্যয় বা উপকরণ খরচ (ইনপুট কস্ট) ধারাবাহিকভাবে বাড়ছে।
**ভবিষ্যৎ ব্যবসা নিয়ে আশাবাদ**
পিএমআই প্রতিবেদনের ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক বা ‘ফিউচার বিজনেস ইনডেক্স’-এর তথ্য অনুযায়ী, চারটি খাতেই আগামী দিনের ব্যবসা-বাণিজ্য নিয়ে আশাবাদী পূর্বাভাস পাওয়া গেছে। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা সামনের দিনগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরও অনুকূল হওয়ার প্রত্যাশা করছেন।
প্রতিবেদন সম্পর্কে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাশরুর রিয়াজ বলেন, টানা দুই কঠিন মাসের পর অক্টোবরে পিএমআই সূচকের ইতিবাচক ধারায় ফিরে আসা অর্থনীতির জন্য ছোট হলেও একটি আশাব্যঞ্জক সংকেত। বিশেষ করে কৃষি ও রপ্তানি খাতের অগ্রগতি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে এই পুনরুদ্ধার এখনো নাজুক বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন আদেশ এবং ব্যবসায়িক কর্মকাণ্ড এখনো চাপের মুখে রয়েছে। একই সঙ্গে উৎপাদন ব্যয়ও উচ্চপর্যায়ে রয়েছে।
ড. এম মাশরুর রিয়াজ আরও বলেন, অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, চলতি মূলধনের সংকট দূর করা এবং ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করা জরুরি। উদ্যোক্তাদের বর্তমান আত্মবিশ্বাসকে বাস্তব বিনিয়োগ ও উৎপাদনে রূপ দিতে ব্যবসার পরিবেশ আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করতে হবে।