ওয়াশিংটনে কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কথিত ‘ডার্টি বোমা’ হামলার ষড়যন্ত্রের খবরকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে ইরান। দেশটির অভিযোগ, ইরানের বিরুদ্ধে হামলা চালানো পক্ষগুলো নিজেদের পরিকল্পনার পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ছড়াচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
পোস্টে তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এ উদ্দেশ্যে তারা ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।
ইসমাইল বাকাই আরও বলেন, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সাম্প্রতিক দাবি এবং সিএনএনে প্রচারিত কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্পূর্ণ বানোয়াট।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।