পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে বোর্ডের সর্বশেষ সভা স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না বলেও দাবি করেছেন তিনি।
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো ধরনের চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া সভাটি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে শ্রমিকদের উদ্দেশে মজুরি সংক্রান্ত ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান।
তিনি আরও বলেন, নতুন নিম্নতম মজুরি ঘোষণা যেদিনই দেওয়া হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন