মৃত্যুর পর নিজের সম্পত্তি পরিবারের সদস্যদের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। এ লক্ষ্যে চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপমসহ নিজের সম্পত্তি একটি জনকল্যাণমূলক ট্রাস্টের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছেন তিনি।
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে জনপ্রিয়তা ধরে রেখেছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। একসময় জীবিকার প্রয়োজনে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করলেও কঠোর পরিশ্রম ও অভিনয়প্রতিভার মাধ্যমে আজ তিনি কয়েকশ কোটি টাকার সম্পদের মালিক।
জীবনের শেষ অধ্যায় নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। মৃত্যুর পর তাঁর অর্জিত সম্পত্তি পরিবারের সদস্যদের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান তিনি।
তামিল জনগণের কাছে ‘আন্না’ হিসেবে পরিচিত রজনীকান্তের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে মানুষের প্রতি তাঁর দীর্ঘদিনের কৃতজ্ঞতা। তাঁর মতে, তামিলনাড়ুর মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই জীবনের অর্জিত সম্পদের বড় অংশ তাঁদের কল্যাণে ব্যয় করতে চান তিনি।
এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত তাঁর রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জায়গাজুড়ে নির্মিত এই ভবনটির সঙ্গে রয়েছে নানা স্মৃতি ও ইতিহাস।
১৯৮৯ সালে ভবনটি নির্মাণ করেন রজনীকান্ত। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের সহায়তায় ভবনটির দরজা খুলে দিয়েছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে ভক্তদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও নানা আয়োজনের স্থান হিসেবেও ব্যবহৃত হয়েছে এটি।
একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। তবে এখনো চেন্নাইয়ের কোদামবাক্কামে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে রাঘবেন্দ্র মণ্ডপম।
জানা গেছে, রজনীকান্ত তাঁর উইলে এই সম্পত্তি একটি জনকল্যাণমূলক দাতব্য ট্রাস্টের অধীনে দেওয়ার সিদ্ধান্ত রেখেছেন। তাঁর মৃত্যুর পর ভবনটির সম্পূর্ণ সম্পত্তি ওই ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে তামিলনাড়ুর সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানা গেছে।
এ বিষয়ে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা রজনীকান্ত বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা। দীর্ঘ অভিনয়জীবনে অর্জিত খ্যাতি ও সম্পদের পেছনে ভক্তদের অবদানকে স্বীকার করে মৃত্যুর পর নিজের সম্পত্তি জনকল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।