জলবায়ু সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর দশমিনায় সমাবেশ, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ কৃষক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।
‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর দশমিনায় সমাবেশ, র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় দশমিনা ইউনিয়ন পরিষদের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মোঃ নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান টিটু, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দাস, মোঃ ফিরোজ হোসাইন, ভূমিহীন নেতা আশ্রাফ সিকদার, মোঃ ইদ্রিস খা, মোঃ বারেক সর্দার, মোঃ মোখলেসুর রহমান ও ফেরদৌস হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। অথচ জলবায়ু সংকট সৃষ্টির জন্য দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট শক্তিগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না।
তাঁরা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন এবং উপকূলীয় জনগোষ্ঠীর মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।