দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান উন্নত করতে শিক্ষার মান ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দেশের ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তাঁরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং গবেষণানির্ভর জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধিরা। পাশাপাশি পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান তাঁরা।
জবাবে রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান বাড়াতে হবে। এ ক্ষেত্রে দেশের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব তৈরি করে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে তুলতে পারে না, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন