শনিবার (৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। এতে নেতিবাচক জেন্ডার ধারণা ও বৈষম্যমূলক সামাজিক রীতি মোকাবিলায় যুবদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ এবং আইনজীবী রিজভী।
সংলাপে অংশ নেওয়া তরুণেরা জেন্ডারভিত্তিক বৈষম্য, নারীর প্রতি সহিংসতা এবং ডিজিটাল মাধ্যমে নিরাপত্তার বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অতিথিরা তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি যুবদের এ উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মেহেরাব ইসলাম অপি, আহসানুর সরকার রানা, শেখ লিমি ইসলাম, মুন্তাসির মুন, সজীব ও আরিফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব এবং সংগঠনটির সদস্য মোহাম্মদ শাহরিয়ার রিফাত, আইভি আক্তার, জান্নাতুল ফেরদৌস, পিংকি আক্তার ও সাব্বির হোসেন অনুষ্ঠানে অংশ নেন।
সংলাপটি সঞ্চালনা করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ। তিনি আয়োজনের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন।
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এতে আর্থিক সহযোগিতা দিচ্ছে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস।
বাংলাদেশের যুব ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার এবং বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা তৈরি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।
প্রকল্পের কার্যক্রমে যুব নেতৃত্বাধীন প্রচার-অভিযান ও কমিউনিটি পর্যায়ে সম্পৃক্ততার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং কমিউনিটি নেতাদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক রীতি পরিবর্তন, নীতি বাস্তবায়ন এবং কমিউনিটির আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে তাঁদের ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতাদের সঙ্গে যুবদের সরাসরি সংলাপের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব নেতৃত্বাধীন সংগঠনগুলো স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করা, নেতিবাচক সামাজিক ধারণা মোকাবিলা এবং সম্মিলিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন আনার পথ তৈরি হচ্ছে।
মন্তব্য করুন