দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী এবং ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পি.কে. সমীর চন্দ্র।
অনুষ্ঠানে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ এবং সততা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।