অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পণ্য পরিবহনে রেলের সক্ষমতা বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি টাকার প্রকল্প

দেশের পণ্য ও যাত্রী পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ঋণ দেবে ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট নিরসনে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে।

নতুন ইঞ্জিন যুক্ত হলে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি ট্রেন পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ সম্প্রসারিত হবে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে সংস্থাটির ঋণ থেকে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ পণ্য পরিবহন এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে নতুন ইঞ্জিন সংগ্রহসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ইঞ্জিন কেনার পাশাপাশি সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত যন্ত্রপাতি এবং কারিগরি সহায়তা সংগ্রহ করা হবে। এ ছাড়া রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বাসসকে বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে বর্তমানে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এতে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।

রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি।

দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমে গেছে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে সেগুলো সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও সীমিত হয়ে পড়ে।

বিশেষ করে মিটারগেজ রেলপথে ইঞ্জিনের ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমবে। তুলনামূলক নির্ভরযোগ্য ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করা সম্ভব হলে সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন চালানো এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এতে আন্তর্জাতিক বাজারের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে এ পরিমাণ ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে।

রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল এবং বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খাদ্যশস্য, সার, সিমেন্ট, পাথর, কয়লা, শিল্পকারখানার কাঁচামাল, কনটেইনার ও অন্যান্য ভারী পণ্য পরিবহনে রেলওয়ের কার্যকর ব্যবহার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে রেলওয়ে এখনো এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না।

দ্রুত পণ্য পরিবহনের জন্য অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান সড়কপথের ওপর নির্ভরশীল। রেলপথে পণ্য পরিবহন বাড়াতে শুধু ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না; একই সঙ্গে ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করতে হবে।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রেলপথমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। ফলে পর্যায়ক্রমে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন রয়েছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। এ সংকট নিরসনে সরকার পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তবে এ রূপান্তর সম্পন্ন করতে সময় প্রয়োজন। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের পথও সুগম হবে।

সরকার রেলওয়েকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আধুনিক ইঞ্জিন ও ওয়াগন সংগ্রহ এবং পরিচালন দক্ষতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত দক্ষতার প্রয়োজন হয়। এ কারণে প্রকল্পের আওতায় রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণ দেবেন। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কারিগরি সহায়তাও পাওয়া যাবে।

এর ফলে নতুন প্রযুক্তির সঙ্গে রেলওয়ের জনবলের পরিচিতি বাড়বে। একই সঙ্গে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের দক্ষতা তৈরি হবে। এতে ভবিষ্যতে বিদেশি কারিগরি সহায়তার ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে।

রেলওয়ের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সময় লাগতে পারে। এক মূল্যায়নে বলা হয়েছে, রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে।

এ বিবেচনায় মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল ও কার্যকর রাখা জরুরি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় নতুন ইঞ্জিনগুলো রেলওয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই: মজুরি বোর্ড চেয়ারম্

1

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ঢাকা ওয়াসা সিবিএ নেতৃবৃন্দের স

2

এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান, উত্তপ্ত বা

3

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

4

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

5

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

6

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

7

শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

8

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

9

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ

10

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

11

ঢাকা ওয়াসার রাজস্ব আদায়ে সাফল্য, প্রশংসিত উপ-প্রধান রাজস্ব ক

12

মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর

13

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

14

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, বিচ্ছিন্ন হতে পারে দুই গ্রাম

15

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

16

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

17

ঠাকুরগাঁওয়ে জেন্ডার বৈষম্য রোধে যুবদের সঙ্গে প্রশাসনের সংলাপ

18

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প পরিস্থিতির জন্যও প্রস্তুত

19

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

20