মাদারীপুরে সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্পের অফিসকক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
মাদারীপুরে সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পাম্পটিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে অতর্কিতে হামলা চালায়। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় হামলাকারীরা পাম্পের অফিসকক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
হঠাৎ এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পাম্পের কর্মী ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা তখন বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসে। তারা আমাদের উদ্দেশ্য করে পাম্পের অফিসকক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সার্বিক পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।