বিগত সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে দশমিক ৭ থেকে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, মাথাপিছু আয় বেশি দেখাতে দেশের জনসংখ্যাও কমিয়ে দেখানোর প্রবণতা ছিল।
আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ, গণমাধ্যম নীতিমালা, গঙ্গা পানি চুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন উপদেষ্টা।
জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের পরিসংখ্যানে অতীতের তথ্য বিকৃতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের সামনে সঠিক ও নিরপেক্ষ তথ্য-উপাত্ত তুলে ধরার কাজ শুরু করেছে। বিগত সরকারের আমলে জিডিপি প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারচুপি করা হয়েছিল।
তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে—এমন চিত্র তুলে ধরতে কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হতো। একই সঙ্গে মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে মোট জনসংখ্যা কমিয়ে দেখানোর প্রবণতাও ছিল। এতে দেশের প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতি আড়াল করে উন্নয়নের একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রকৃত তথ্য প্রকাশের ফলে অতীতের বানোয়াট পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করার প্রবণতা দেখা দিতে পারে। এ কারণে জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরতে সরকার সঠিক পরিসংখ্যান প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে তিনি বলেন, কপি-পেস্টের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকা-সহ সারা দেশে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুত নিবন্ধন পাবে।
অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এ মুহূর্তে যেকোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে পুলিশকে সবচেয়ে কম ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।
তিনি বলেন, বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত হলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে নাশকতায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
চুক্তি নিয়ে আলোচনার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চুক্তি সাধারণত কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আগেই চূড়ান্ত হয়ে থাকে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে ফেরত চেয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনেই তাঁর বিচার সম্পন্ন হবে। এ ক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবে—এমনটি তিনি বিশ্বাস করেন না।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আরও স্বচ্ছ ও যুগোপযোগী করা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
দেশের ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস শিল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সুস্থ বিনোদন হিসেবে যাত্রা ও সার্কাসের আয়োজন করা হলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে এসব আয়োজনের আড়ালে অশ্লীলতা, মাদক বা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড চললে সংশ্লিষ্ট দলের অনুমতি স্থায়ীভাবে বাতিল করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে ‘তৌহিদী জনতা’র নাম ব্যবহার করে সুস্থ সাংস্কৃতিক আয়োজনে যারা বাধা সৃষ্টি করছে, সরকার তাদেরও কঠোরভাবে প্রতিহত করবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন