পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের নির্ধারিত সভা মালিকপক্ষের আকস্মিকভাবে স্থগিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে দ্রুত সভা আহ্বান করে শ্রমিকদের জন্য সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে মালিকপক্ষ আকস্মিকভাবে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করেছে। এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বজলুর রহমান বাবলু বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে পোশাকশ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তাঁদের জীবনমান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। এ পরিস্থিতিতে শ্রমিকদের জন্য সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করা সময়ের অপরিহার্য দাবি।
তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ছাড়াই মালিকপক্ষের সভা স্থগিতের সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন ও শ্রমিকস্বার্থবিরোধী।
বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মালিকপক্ষের এ ধরনের সময়ক্ষেপণ ও টালবাহানা দেশের শান্তিপূর্ণ শিল্পাঞ্চলে অপ্রয়োজনীয় অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কোনো ধরনের ষড়যন্ত্র বা কালক্ষেপণ না করে অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বান করতে হবে।
তিনি সরকারি নবম পে-স্কেলের ২০তম গ্রেড এবং বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।
বজলুর রহমান বাবলু হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার মালিকপক্ষকেই বহন করতে হবে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের কার্যকর সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মন্তব্য করুন