অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের ভেতরে ও বাইরে চলমান ষড়যন্ত্রের জবাব জনগণকে সঙ্গে নিয়েই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির আগে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র চলছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতোই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‌্যালি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশা পূরণের দিন। ২০২৪ সালের ৫ আগস্ট জীবন দিয়ে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই দিনটি সেই গণতন্ত্র সুরক্ষার অঙ্গীকারের দিন হয়ে উঠুক।

নয়াপল্টনে সমবেত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে সমর্থন চেয়ে তিনি বলেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাঁর প্রতি সমর্থন জানান।

বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।

দুপুর ১২টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাঁদের ব্যাপক উপস্থিতিতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে তাঁরা র‌্যালিতে অংশ নেন।

দেশবাসী ও নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

৭ নভেম্বরকে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের দিন হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী নিজেই স্লোগান ধরেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে আনেনি, স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদেরও দেশ থেকে বিতাড়িত করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টও জনগণের অংশগ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে একইভাবে সেই শক্তির পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

অতীতের মতো বর্তমানে একটি পক্ষ আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, ওই পক্ষ বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে এবং ‘আমি-ডামি’ নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। এ ধরনের সুযোগ আর দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমান বলেন, যে দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব ঘটিয়েছে এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত করেছে, ষড়যন্ত্র করে সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব নয়।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী হেঁটে র‌্যালিতে যোগ দেন। এ সময় তিনি হাত উঁচিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য দেন।

মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে র‌্যালিতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্

1

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

2

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

3

কৃষকের চাহিদা অনুযায়ী ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ

4

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

গোড়ালির চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন ফেরান তোরেস

6

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

7

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

8

৭ দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ভোগান্তিতে পড়তে পা

9

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ

10

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএ

11

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান ব্যবস্থা আন্

12

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের আশা শ্র

13

দুর্নীতি ও বৈষম্য দূর করে মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্ব

14

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ২০৩১ সালের মধ্য

15

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের

16

জাতিসংঘে অংশ নেওয়া প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

17

সিঙ্গাপুর বিমানবন্দরে ফের অসুস্থ ড. খন্দকার মোশাররফ, হাসপাতা

18

আইইবি নির্বাচনে সদস্য নির্বাচিত হলেন এলজিইডির নির্বাহী প্রকৌ

19

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

20