বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন কাঠামোয় ভিসার শ্রেণি ও উপশ্রেণি কমানোর পাশাপাশি আবেদনপত্রের প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। এর ফলে বিদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ আগস্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নতুন নিয়ম কার্যকর করতে বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে। চলতি বছরের শেষ নাগাদ সংশোধিত কাঠামোয় ভিসা দেওয়া শুরু হবে।
নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি ক্যাটাগরি হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। ভারত সরকারের ভাষ্য, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যে দেওয়া ভিসাগুলো একীভূত করায় আবেদনকারীদের জন্য উপযুক্ত ভিসার শ্রেণি নির্বাচন সহজ হবে।
নতুন কাঠামোয় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এটি ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে ভি-২ ভিসা দেওয়া হবে এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে।
এই ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম ও পর্বতারোহণের সুযোগ রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও নতুন শ্রেণিবিন্যাস করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর হবে এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও পৃথক ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রে এস-১ এবং গবেষণা, পিএইচডি, ইন্টার্নশিপ ও শিক্ষকতার জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে।
এ ছাড়া ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ নামে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।
তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান।
মন্তব্য করুন