সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং তাঁর আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের সত্যতা, আইনি ভিত্তি এবং আবেদন করার অধিকার রয়েছে কি না, সেসব বিষয়ে আইন-কানুন পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
মন্ত্রী বলেন, ‘তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’
এদিকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।
মন্তব্য করুন