কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ওই গণমাধ্যমগুলো।
প্রতিবেদনগুলোর সত্যতা সম্পর্কে জানতে চাইলে আজ বার্তা সংস্থা বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে। কারণ, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি।
মুখপাত্র বলেন, ‘এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, এসব সহিংসতার কারণে কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সহিংসতা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মন্তব্য করুন