চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে নির্মাণ শেষ হওয়ার পরও দীর্ঘদিন অব্যবহৃত ছিল প্রতিষ্ঠানগুলো।
হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে।
এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের পাঁচটি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেশিয়ার ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। হাসপাতালগুলোতে বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি ভবিষ্যতে বাড়ানোর সুযোগ রেখেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন